বৈশ্বিক এআই সম্মেলনে চীনকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্য

২০ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২৪  

আগামী ১ ও ২ নভেম্বর যুক্তরাজ্যে বসছে বৈশ্বিক এআই সম্মেলন। এতে আমন্ত্রণ জানানো প্রযুক্তিবিশ্বে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে আলোচিত দেশ চীনকেও। এই আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী জেমস ক্লেভারলি। তবে চীন এ আহ্বানে সাড়া দেবে কি না, তা খোলাসা করেনি লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস।

এই খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, আয়োজনে বিভিন্ন দেশ, প্রযুক্তি কোম্পানি ও শিক্ষাবিদদের একত্রিত করে এআই প্রযুক্তির ঝুঁকি নিয়ে আলোচনার মাধ্যমে যুক্তরাজ্যকে এআই নিয়ন্ত্রণ ব্যবস্থার শীর্ষ দেশ হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এ নিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে ক্লেভারলি বলেছেন, “এআই প্রযুক্তির অন্যতম শীর্ষ দেশ এবারের আয়োজনে না থাকলে যুক্তরাজ্যের জনগণকে এর ঝুঁকিগুলো থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে না।”

সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাজ্যে চীনা গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কা বেড়ে যাওয়ার পর থেকেই বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে লন্ডন। বিশেষ করে, গেল মার্চে দেশটির পার্লামেন্টের এক গবেষককেও চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তারের পর থেকে।